https://www.voiceofpeople24.com/
4650
sports
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬ ১৪:২১
বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার সামনে এখন মাত্র দুই ম্যাচের বাধা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে এবং শেষ লড়াইয়ে জয় পেলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নতুন ইতিহাস গড়বে লিওনেল স্কালোনির দল। তবে অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণ বলছে, এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
১০৪ ম্যাচের টুর্নামেন্টে ইতোমধ্যে শেষ হয়েছে ১০০ ম্যাচ। বাকি রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। এবারের শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ফলে বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে কোন দলের হাতে উঠবে ট্রফি, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
অপ্টা সুপারকম্পিউটার ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে চার সেমিফাইনালিস্টের শিরোপা জয়ের সম্ভাবনা নির্ধারণ করেছে। সেই হিসাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ, যা সেমিফাইনালে থাকা চার দলের মধ্যে সবচেয়ে কম।
সুপারকম্পিউটারের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ। প্রথম সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন। এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, আর স্পেনের ৪২.৩ শতাংশ।
ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে। ৮ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন এই ফরোয়ার্ড। সতীর্থ উসমান দেম্বেলে করেছেন ৫ গোল। দলের ১৬ গোলের মধ্যে এমবাপ্পে ও দেম্বেলের অবদানই সবচেয়ে বেশি।
অপ্টার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ। এবারের আসরে স্প্যানিশরা দুর্দান্ত রক্ষণ ও আক্রমণের সমন্বয় দেখিয়েছে। এখন পর্যন্ত ১১ গোল করেছে তারা, বিপরীতে হজম করেছে মাত্র একটি। নকআউট পর্বে মিকেল মেরিনোর গুরুত্বপূর্ণ গোলও দলকে এগিয়ে নিয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান ঘিরে রয়েছে বাড়তি আবেগ। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের বড় একটি অংশের বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরেই আবর্তিত হয়। ব্রাজিল বিদায় নিলেও আর্জেন্টিনা এখনো টিকে আছে শিরোপার লড়াইয়ে।
আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে দুই দলের সম্ভাবনা প্রায় সমান দেখিয়েছে অপ্টা। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.০৬ শতাংশ। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২১.৯৪ শতাংশ।
ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হ্যারি কেইন দুর্দান্ত পারফরম্যান্স করছেন। তিনি করেছেন ৬ গোল। পাশাপাশি জুড বেলিংহামও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারও রয়েছে ৬ গোল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে তিনি ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্সের পর নকআউট পর্বে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়েছে স্কালোনির দল। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে জয় তুলে নিয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে।
চার সেমিফাইনালিস্টের সবাই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে। ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৮ ও ২০১৮ সালে। স্পেনের একমাত্র শিরোপা ২০১০ সালে, আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয় ১৯৬৬ সালে।
সেমিফাইনালের আগে আর্জেন্টিনার জন্য একটি ইতিবাচক পরিসংখ্যান রয়েছে। বিশ্বকাপে তারা এর আগে পাঁচবার সেমিফাইনাল খেলেছে এবং প্রতিবারই ফাইনালে উঠেছে। এর মধ্যে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে তারা শিরোপা জিতেছে। এবার সেই ইতিহাস ধরে রেখে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মেসির দল।