https://www.voiceofpeople24.com/
4645
politics
রাজনীতি
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬ ১২:৫১
দীর্ঘ আন্দোলন ও জাতীয় নির্বাচনের পুরো সময়জুড়ে বিএনপির পাশে ছিল কয়েকটি রাজনৈতিক দল ও জোট। তবে সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ক্ষমতায় আসার পর বিএনপি প্রতিশ্রুতিগুলোর খুবই সীমিত বাস্তবায়ন করেছে।
এই পরিস্থিতিতে জোটের ভেতরের দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২০ জুলাই শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে যমুনায় একটি নৈশভোজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে সরকারপ্রধান মিত্রদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন।
বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে, নির্বাচন-পূর্ব সময়ে ক্ষমতার অংশীদারত্ব ও নীতিনির্ধারণে যে ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর তার বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছেন না যুগপৎ আন্দোলনের শরিকরা। এতে অনেকের মধ্যে অবমূল্যায়নের অনুভূতি তৈরি হয়েছে। সেই ক্ষোভ নিরসন এবং জোটের ঐক্য অটুট রাখাই এখন বিএনপির অন্যতম অগ্রাধিকার।
সূত্র আরও জানায়, এবারের নৈশভোজে একটি বিশেষ কৌশল অনুসরণ করা হচ্ছে। যেসব শরিক দলের নেতারা ইতোমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের আপাতত আমন্ত্রণ না জানানোর পরিকল্পনা রয়েছে। বরং নির্বাচনে জয়ী হতে না পারা বা সংসদে প্রতিনিধিত্ব না পাওয়া নেতাদের মূল্যায়ন ও তাদের অভিমান দূর করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের অসন্তোষের বিষয়টি বিএনপির দায়িত্বশীল নেতাদের পাশাপাশি তারেক রহমানের কাছেও তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০ জুলাই নৈশভোজ অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র বা নির্দিষ্ট সময়সূচি হাতে পাননি বলে জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্রও নৈশভোজের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভাষ্য, চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ২০ জুলাই অনুষ্ঠানটি আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ইতোমধ্যে সম্ভাব্য আমন্ত্রিতদের তালিকা চূড়ান্ত ও আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, তারেক রহমানের সঙ্গে শরিকদের বৈঠকের কথা তিনি শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দিন-তারিখ জানানো হয়নি।
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদও জানিয়েছেন, খুব শিগগিরই তারেক রহমানের সঙ্গে শরিকদের বৈঠক হবে এবং ২০ জুলাই তা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বাবুল বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির মহাসচিবের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে এবং চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার আশা করছেন তিনি।