https://www.voiceofpeople24.com/

4639

entertainment

বিনোদন

নিজেকে নির্দোষ দাবি পরীমণির, রাষ্ট্রের কাছে রাখলেন প্রশ্ন

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬ ১৫:৫২

২০২১ সালের মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন, ওই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতি হয়েছে। একই সঙ্গে হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের গুরুত্বপূর্ণ সময় ফিরিয়ে দেওয়া সম্ভব কি না—রাষ্ট্রের কাছে সেই প্রশ্ন রেখেছেন তিনি।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালায় র‍্যাব। ওই সময় তাঁর বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধারের কথা জানানো হয়। পরে মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় প্রায় এক মাস কারাভোগ করতে হয়েছিল পরীমণিকে। মামলাটি এখনো বিচারাধীন।

সম্প্রতি একটি টক শোতে র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম দাবি করেন, পরীমণিকে গ্রেপ্তারের মতো যথেষ্ট কারণ ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, তৎকালীন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে ওই অভিযান পরিচালিত হয়েছিল।

খাইরুল ইসলামের বক্তব্যের পর তাঁকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি দাবি করেন, ২০২১ সালের ওই অভিযান ও গ্রেপ্তার তাঁর জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে।

পোস্টে পরীমণি লেখেন, সাবেক র‍্যাব কর্মকর্তা দেরিতে হলেও এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে তাঁর বিরুদ্ধে পরিচালিত অভিযান ও গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন ছিল। তিনি দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে ও বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল এবং ওই ঘটনার কারণে তাঁর জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরীমণি আরও বলেন, আদালতের মাধ্যমে যদি তিনি মামলা থেকে অব্যাহতি পান, তবুও হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি আর ফিরে পাওয়া সম্ভব কি না—সেটি বড় প্রশ্ন। তাঁর মতে, এই ঘটনার কারণে মানুষের কাছে তাঁর সম্পর্কে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না, সেটিও জানতে চান তিনি।