https://www.voiceofpeople24.com/

4487

entertainment

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

প্রকাশিত : ১১ জুন ২০২৬ ১৪:২৭

হত্যার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)-এর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে গত ২০ মে সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন।

তদন্ত সূত্র জানায়, মামলার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ জানান, কিছু আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে নিউ ইস্কাটন রোডের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয় এবং সিলেটে তাকে দাফন করা হয়।

দীর্ঘ সময় পর গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এতে তার স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই রহস্য ও সন্দেহের বিষয়টি তদন্তের দাবি জানিয়ে আসছিল পরিবার। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মরদেহ উত্তোলনের এই নির্দেশের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত সালমান শাহ মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে মনে করা হচ্ছে।