https://www.voiceofpeople24.com/

4481

sylhet

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রকাশিত : ১০ জুন ২০২৬ ১৪:১৯

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) এবং একই উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী একটি ডাম্প ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আক্কাস মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন মারা যান। আহত অপর দুই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।