https://www.voiceofpeople24.com/

4858

sports

ফুটবল

৭১৪ কোটিতে বিশ্বকাপ ফাইনালে গোল করা ফুটবলারকে কিনছে পিএসজি

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬ ১১:০৭

ফেরান তোরেসকে দলে নিতে পিএসজির ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বার্সেলোনা। এবার প্রস্তাব বাড়িয়ে ৫০ মিলিয়ন ইউরো করেছে ফরাসি ক্লাবটি। স্পেনের সংবাদমাধ্যম মার্কার দাবি, নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে কাতালান ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় ৫০ মিলিয়ন ইউরোর মূল্য প্রায় ৭১৪ কোটি টাকা।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, তোরেসকে প্যারিসে নিতে চুক্তির আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করতে চায় পিএসজি। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে খেলোয়াড়টির নিজের আগ্রহ। পিএসজির সঙ্গে ইতোমধ্যে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। নতুন ক্লাবে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নিশ্চয়তাও পেয়েছেন তিনি।

তোরেসও যত দ্রুত সম্ভব পিএসজিতে যোগ দিতে চান বলে জানিয়েছে মার্কা। ক্লাবটি আর্থিক প্রস্তাব বাড়িয়ে দেওয়ায় তাঁর প্যারিসযাত্রা এখন সময়ের ব্যাপার বলেই মনে করছে সংবাদমাধ্যমটি।

বিশ্বকাপের ফাইনালে দারুণ পারফরম্যান্সের পর তোরেসের প্রতি আগ্রহ আরও বেড়েছে। গত ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তাঁর একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। সেই পারফরম্যান্সের পর তোরেসকে বিক্রি করে বড় অঙ্কের অর্থ পাওয়ার প্রত্যাশা করছিল বার্সেলোনা।

তোরেসের সম্ভাব্য এই দলবদর বার্সার জন্য আর্থিকভাবেও গুরুত্বপূর্ণ। তাঁর বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে দলবদলের বাজারে নতুন খেলোয়াড় সংগ্রহের পরিকল্পনা রয়েছে কাতালান ক্লাবটির।

অন্যদিকে তোরেসকে দলে এনে নিজেদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে চায় দুইবারের চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

বার্সেলোনার সঙ্গে তোরেসের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার খুব বেশি সময় বাকি না থাকায় ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে আর্থিকভাবে যুক্তিসংগত মনে করছে পিএসজি।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তোরেসের পিএসজিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।