https://www.voiceofpeople24.com/

4853

national

জাতীয়

বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া সহজ করতে নতুন ভিসা নীতিমালা

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬ ১০:৫৫

বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে নতুন ভিসা নীতিমালা অনুমোদন করেছে সরকার। নতুন নীতিমালায় ভিসার শ্রেণিও বাড়ানো হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা নীতিমালা ২০২৬’-এর অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ জনশক্তি আকৃষ্ট করা নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে বিদ্যমান ভিসাব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৬ সালের ভিসা নীতিমালায় ভিসার শ্রেণি ছিল ৩৩টি। নতুন নীতিমালায় এই সংখ্যা বাড়িয়ে ৩৪টি করা হয়েছে।

নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর আগের সব ভিসাসংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে নতুন ভিসা নীতিমালা বাস্তবায়ন করবে।