https://www.voiceofpeople24.com/
4831
national
জাতীয়
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬ ১০:৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
আজ রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এরপর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান।
দিনের কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।