https://www.voiceofpeople24.com/

4833

sylhet

সিলেট

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: বেঙ্গল ও ইউনিকের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল

প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬ ১০:৩৭

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় বেঙ্গল ও ইউনিক পরিবহনের বাস দুটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

একই সঙ্গে বাস দুটির মালিকপক্ষকে চালকসহ পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজির হয়ে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক আব্দুর রশিদ।

তিনি জানান, শুক্রবার দুর্ঘটনার পর বিষয়টি বিআরটিএর ‘ঢাকা মেট্রো-২’ ও ‘মেট্রো-৩’ শাখাকে অবহিত করা হয়। পাশাপাশি বাস দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার বাস দুটির রেজিস্ট্রেশন সাময়িক বাতিল এবং মালিকপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চালকসহ পাঁচ দিনের মধ্যে হাজির হয়ে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।