https://www.voiceofpeople24.com/
4646
sylhet
সিলেট
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬ ১৩:১৬
সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে বিদেশে পাঠানোর প্রলোভনে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. নাহিদুজ্জামান রানা বর্তমানে কারাগারে রয়েছেন। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা স্মৃতি জামিনে মুক্ত আছেন, আর মামলার অন্য আসামিরা পলাতক।
মামলার অভিযোগ অনুযায়ী, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৯৮ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী মাছুম আহমদ সিলেট শহরের ‘ফেইথ এসোসিয়েটস’ নামের একটি স্টুডেন্ট ও ভিজিট ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের মালিক। তিনি সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নাহিদুজ্জামান রানা নিজেকে ডিজিএফআই-এর মেজর পরিচয় দিয়ে সিলেটের শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ারে ভাড়া বাসায় ওঠেন। পরে প্রতিবেশী সম্পর্কের সুযোগ নিয়ে ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং নিজেদের ‘এন আর এসোসিয়েটস’ নামের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের কথা জানান।
অভিযোগ রয়েছে, রানা ও তার সহযোগীরা ৩০ জনের বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রতিটি ফাইলের জন্য অগ্রিম টাকা নেন। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মোট ৯৮ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার পর কোনো ভিসা সংক্রান্ত কার্যক্রম বা প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে রানা সিলেট ছেড়ে ঢাকার বারিধারায় চলে যান এবং আগের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বন্ধ করে দেন। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরবর্তীতে আইনি সহায়তা চেয়ে আদালতে মামলা করেন ব্যবসায়ী মাছুম আহমদ। আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দেন। তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয় এবং এরপর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়।