https://www.voiceofpeople24.com/
4640
national
২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত
প্রকাশিত : ১২ জুলাই ২০২৬ ১৭:৫৪
রোববার সকাল থেকেই টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ যাত্রীরা। সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ায় নগরজুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার। এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, কাজীপাড়া, কালশীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমেছে। এতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। ফুটপাত ডুবে যাওয়ায় অনেক পথচারী বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। চলন্ত যানবাহনের ঢেউয়েও দুর্ভোগ আরও বেড়েছে।
অন্যদিকে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যাত্রীর চাপ ছিল উল্লেখযোগ্য। সড়কে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও গণপরিবহনে ছিল অতিরিক্ত ভিড়।
জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর শিক্ষা কার্যক্রমেও। অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় কয়েকটি প্রতিষ্ঠানের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ধানমন্ডি কামরুন্নেছা স্কুলে বিভিন্ন শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বর্তমানে দেশের সাতটি জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তিনি জানান, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, সেখানে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।