https://www.voiceofpeople24.com/

4638

sports

ফুটবল

ইংল্যান্ডের বিতর্কিত গোল নিয়ে ফিফার ওপর ক্ষুব্ধ নরওয়ের কোচ

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬ ১৫:৩৫

 

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে রেফারিং নিয়ে বিতর্কের তালিকায় নতুন সংযোজন হয়েছে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জুড বেলিংহামের সমতাসূচক গোলকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন নরওয়ের প্রধান কোচ স্তালে সোলবাকেন। তাঁর দাবি, গোল হওয়ার আগে বল স্টেডিয়ামের ওভারহেড তারে স্পর্শ করেছিল। যদিও ফিফা বলছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি।

বিতর্কিত মুহূর্তটি আসে যখন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান হাসকিয়োল্ড নাইল্যান্ড বল ক্লিয়ার করার চেষ্টা করেন। বলের গতিপথ হঠাৎ বদলে গিয়ে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের সামনে পড়ে। তাঁর পাস থেকেই জুড বেলিংহাম গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচ শেষে ফিফা জানায়, ‘কানেক্টেড বল’ প্রযুক্তির সেন্সর বিশ্লেষণে বল কোনো তার বা বাইরের বস্তুকে স্পর্শ করেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সংস্থাটির ভাষ্য, বলের সেন্সরে অতিরিক্ত কোনো সংকেত ধরা পড়েনি, যা থেকে এমন ঘটনা নিশ্চিত হওয়া যায়।

তবে ফিফার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সোলবাকেন। ম্যাচ শেষে তিনি বলেন, বলটি আকাশ থেকে অস্বাভাবিকভাবে নিচে নেমে এসেছিল, যা তাঁর কাছে স্পষ্টভাবে প্রমাণ করে যে এটি কোনো তারে লেগেছিল। যদিও তিনি স্বীকার করেন, ফিফা ও প্রযুক্তিগত তথ্য ভিন্ন কথা বলায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ ছিল না।

গোলটির পরপরই নরওয়ের খেলোয়াড়রা রেফারি ক্লেমঁ তুরপাঁর কাছে প্রতিবাদ জানান। তাদের দাবি ছিল, বল তারে লেগে থাকলে খেলা থামিয়ে ড্রপ বল দেওয়া উচিত ছিল। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সোলবাকেন জানান, রেফারি তাঁকে বলেছেন যে তিনি নিজে ঘটনাটি দেখেননি এবং ভিডিও সহকারী রেফারিদের কাছ থেকেও বল তারে লাগার কোনো তথ্য পাননি। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী গোল বাতিল করার সুযোগ ছিল না।

ম্যাচের ৩৮তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের শেষ দিকে বেলিংহাম সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে তোরবিয়র্ন হেগেম গোল করলেও ভিএআরের সহায়তায় আর্লিং হালান্ডের ফাউলের কারণে সেটি বাতিল করা হয়।

নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেন বেলিংহাম। এই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।

আগামী ১৫ জুলাই ডালাসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। অন্য কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে আর্জেন্টিনা।