https://www.voiceofpeople24.com/

4469

abroad

নিয়মিত কর্মী গেলেও মরিশাসে ‘শ্রমবাজার খোলার’ ঘোষণা

প্রকাশিত : ০৯ জুন ২০২৬ ১৩:৪৬

 

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে সরকারি তথ্য বলছে, শ্রমবাজার বন্ধ থাকার দাবি সত্ত্বেও দেশটিতে বাংলাদেশি কর্মীদের যাওয়া অব্যাহত রয়েছে।

সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের বৈঠক হয়। বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিক নিয়োগ, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

তবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরই মরিশাসে চাকরির উদ্দেশ্যে গেছেন ১ হাজার ২৪৫ জন বাংলাদেশি কর্মী। এর মধ্যে গত ৩০ দিনেই গেছেন ৪৬৭ জন। ২০২৫ সালে দেশটিতে গিয়েছিলেন ৩১ জন কর্মী। ফলে শ্রমবাজার বন্ধ থাকার দাবি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, জেনেভা থেকে মন্ত্রীর সফরসঙ্গীরা সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন এবং মন্ত্রণালয় সেটি গণমাধ্যমে সরবরাহ করেছে। তবে মন্ত্রণালয়ের কাছেই মরিশাসের শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকার কোনো তথ্য নেই।

এক কর্মকর্তা জানান, মরিশাসের তৈরি পোশাক শিল্পে জনশক্তি নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ চলছে। সম্ভবত এ প্রক্রিয়াকেই ‘শ্রমবাজার খোলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসে বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে তাদের আগ্রহ রয়েছে। বিশেষ করে দেশটির ‘ওয়ান-স্টপ টেক্সটাইল’ শিল্পে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে।