https://www.voiceofpeople24.com/
5174
sylhet
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২১
সিলেটে নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় প্রেমিক-প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তাররা হলেন ধামাইল শিল্পী পিকলু সরকার (৩০) ও তুষ্টি তালুকদার (২৮)।
জনৈক ভুক্তভোগী নারী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮/২৫/২৭ ধারায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিদের নামীয় ফেসবুক আইডি থেকে বাদীর ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে এডিট করে পিকুল সরকারের সঙ্গে যুক্ত করে পোস্ট করা হয়। এছাড়া বাদীর স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইল ফোনে এডিট করা অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর অভিযোগও করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিলেট। তদন্তের একপর্যায়ে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে পিকলু সরকার বলেন, তুষ্টি তালুকদার তার প্রেমিকা। তবে বাদীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশসহ অভিযোগের ঘটনায় তুষ্টি কোনো কিছু করেননি বলে তিনি দাবি করেন।
আদালতের আদেশে পিকলু সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যেতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, পিকলু সরকার এর আগেও বিভিন্ন সময় সমাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নারীদের টার্গেট করে অশ্লীল ছবি আপলোড করার ভয় দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলতেন।
পিবিআই জানিয়েছে, মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।