https://www.voiceofpeople24.com/
5093
international
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪
যুক্তরাষ্ট্রে ধর্মান্তরের মাধ্যমে প্রতিনিয়ত প্রসার ঘটছে ইসলাম ধর্মের। প্রতিবছর প্রায় ২০ থেকে ৩০ হাজার আমেরিকান আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গবেষণাপত্রের তথ্য বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রাপ্তবয়স্ক মুসলিমদের অন্তত ২০ শতাংশ বা প্রতি পাঁচজনের একজন শৈশবে অন্য ধর্মে বিশ্বাসী ছিলেন কিংবা কোনো ধর্মীয় পরিচয়ে বড় হননি। তাদের মধ্যে ১৭ শতাংশ খ্রিষ্টানসহ অন্য ধর্মীয় পটভূমি থেকে এসেছেন এবং বাকি ৩ শতাংশ কোনো প্রকার ধর্মীয় অনুশাসন ছাড়াই বেড়ে উঠেছেন।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির বিশ্লেষণে জানা যায়, ইসলাম গ্রহণের ক্ষেত্রে বর্তমানে বিশ্বের ১৩টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালেও পিউ রিসার্চের জরিপে একই ধারার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তখন ধর্মান্তরিত হওয়া মার্কিন মুসলিমদের মধ্যে প্রায় অর্ধেকই পূর্বে প্রোটেস্ট্যান্ট এবং ২০ শতাংশ ক্যাথলিক খ্রিষ্টান ছিলেন।
গবেষকদের মতে, প্রযুক্তি, মুক্ত তথ্যপ্রবাহ ও ইসলাম ধর্মের প্রতি মানুষের কৌতূহল বৃদ্ধির ফলে প্রতিবছর হাজার হাজার আমেরিকান প্রথাগত জীবনধারা ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। আমেরিকার সামাজিক মানচিত্রে ধর্মান্তরের এই বৈপ্লবিক পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ধর্ম বিশেষজ্ঞরা।