https://www.voiceofpeople24.com/

5178

religious-news

কোরআন শরীফের দাম ২ হাজার ৭৫০ পাউন্ড

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২১

মাত্র ২৬ × ১৯ মিলিমিটার আকারের কোরআন শরীফ।  ঐতিহাসিক এই কপিটির দাম ২ হাজার ৭৫০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ লাখ টাকার বেশি। 

উনিশ শতকের শেষ দিকে স্কটল্যান্ডের গ্লাসগোতে মুদ্রিত কোরআনটি ক্ষুদ্রাকৃতির বইয়ের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

আইকিউএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়, বিরল বই বিক্রির আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিটার হ্যারিংটন চলতি বছরের আবুধাবি আন্তর্জাতিক বইমেলায় কোরআনের একটি আকর্ষণীয় কপি বিক্রির জন্য এনেছে। ডেভিড ব্রাইসের তৈরি এই ক্ষুদ্রাকৃতির কোরআনটি সংগ্রাহকদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত।

প্রতিবেদন অনুযায়ী, ১৮৯০-এর দশকের শেষ দিকে গ্লাসগোতে কোরআনটি মুদ্রিত হয়। ফটোলিথোগ্রাফি পদ্ধতিতে আরবি ভাষায় ছাপা এই সংস্করণটি ইউরোপে মুদ্রিত প্রথম ক্ষুদ্রাকৃতির কোরআন হিসেবে পরিচিত।

ডেভিড ব্রাইস ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মুসলিম পাঠকদের জন্য এ ধরনের ক্ষুদ্রাকৃতির কোরআন তৈরি করতেন। উনিশ শতকের শেষ দিকে ভারত ও ওসমানীয় সাম্রাজ্যেও ক্ষুদ্রাকৃতির কোরআন মুদ্রিত হয়েছিল। তবে ব্রাইসের সংস্করণটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

কোরআনটির বিশেষত্ব এর ক্ষুদ্র আকার ও ঐতিহাসিক বাঁধাইয়ে। এতে রয়েছে মূল লাল চামড়ার প্রচ্ছদ, সোনালি নকশা এবং একটি ধাতব লকেট। লকেটের ভেতরে সংযুক্ত রয়েছে আতশি কাচ, যার সাহায্যে ক্ষুদ্র অক্ষরগুলো পড়া যায়। প্রথম প্রকাশের সময়ও কোরআনটি এ ধরনের সুরক্ষামূলক লকেটের সঙ্গে বিক্রি করা হতো।