https://www.voiceofpeople24.com/

5176

health

সিলেটে হামে ২৪ ঘন্টায়  দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮



চলতি বছরের শুরু থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত এবং সন্দেহজনক রোগীদের মধ্যে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর সন্দেহজনক হাম রোগে প্রাণ হারিয়েছেন ১৬২ জন।
সবশেষ গত ২৪ ঘণ্টাতেই সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। দুজনেরই চিকিৎসা চলছিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত দুই শিশুর একজন সুনামগঞ্জের শাল্লা উপজেলার শুভ্র তালুকদারের ৭ মাস বয়সী শিশু সাম্য। অন্যজন একই জেলার তাহিরপুর উপজেলার মাহবুবুল আলমের ২ বছর ২ মাস বয়সী শিশু ফারিয়া। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৮ জন, তবে নতুন করে শনাক্তকৃত হাম রোগীর সংখ্যা শূন্য।
 সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
সংখ্যার হিসাবে সিলেট ও সুনামগঞ্জে আক্রান্তের চাপ তুলনামূলক বেশি। একই সঙ্গে মৃত্যুর হিসাবেও এই দুই জেলা উদ্বেগের কেন্দ্রে রয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন। এর মধ্যে ৬৩ জন সন্দেহজনক এবং চারজন নিশ্চিত হাম রোগী।

তথ্য অনুসারে সব মিলিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৩৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ১৮৯ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৭ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।