https://www.voiceofpeople24.com/

5098

education

বিয়ানীবাজারে আল-জান্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬

 

বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম বলেছেন, শিক্ষা বিস্তারে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনন্য উদাহরণ স্থাপন করেছে আল-জান্নাহ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পুরো বছরের শিক্ষা ব্যয় বহন ও শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ মেধার সঠিক বিকাশে সহায়তা করার পাশাপাশি মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

আজ শনিবার (১২.৯.২০২৬) সকালে বিয়ানীবাজার পৌরশহরের খাসা দিঘীরপাড়স্থ ইসলাম কনভেনশন হলে সামাজিক সংগঠন আল-জান্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষা সমাবেশ-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর মো. তারিকুল ইসলাম বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী সুফিয়ান আহমদের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সহসভাপতি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

প্রধান আলোচকের বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা মজুমদার শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি উন্নত সমাজ গঠনে শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্মের কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, মুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম খান, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-জান্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্দুস শাকুরের পিতা আবুল কালাম, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্নময় দাস, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ নজমুল ইসলাম ও হাফেজ আবু সাইদ।

অনুষ্ঠানে আল-জান্নাহ ফাউন্ডেশনের কর্মপরিধি ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ফাউন্ডেশনের সিনিয়র সদস্য আহমদ রেজা চৌধুরী। এর আগে ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য দেন সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন জনি, শিক্ষা সম্পাদক আশরাফুল আলম, তথ্য সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী ও সদস্য আশফাকুজ্জামান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং আল-জান্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।