https://www.voiceofpeople24.com/

4637

whole-country

চট্টগ্রাম

পাঁচ দিন পর চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬ ১৫:২০

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। নির্ধারিত সময়েই পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার পর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকেই নিয়মিত সূচি অনুযায়ী এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চলাচল শুরুর আগে বেলা সোয়া ১১টার দিকে মহাব্যবস্থাপক চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত রেলপথের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি গণমাধ্যমকে অবহিত করবেন।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।

গত ৭ জুলাই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের ষোলশহর স্টেশন ও জানালিহাটের মধ্যবর্তী এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়। ফলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পথে আটকা পড়ে।

চট্টগ্রাম স্টেশন ছাড়ার মাত্র পাঁচ মিনিট পর রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি আর এগোতে পারেনি। পরে ট্রেনটি আবার স্টেশনে ফিরিয়ে আনা হয় এবং নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান, ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি জমার পাশাপাশি একটি গাছ উপড়ে লাইনের ওপর পড়ে যায়। গাছটি দ্রুত সরিয়ে ফেলা হলেও লাইনের পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।