https://www.voiceofpeople24.com/
4590
whole-country
প্রকাশিত : ২৯ জুন ২০২৬ ১৬:৫৪
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে নিয়ে বিরোধের জেরে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরী (১৫) ও তার সহযোগী আরিয়ান খাঁন মাহিদকে আটক করেছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, নিহত সিয়ামের সঙ্গে প্রায় তিন বছর ধরে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পুলিশি তথ্য অনুযায়ী, বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে কিশোরী গর্ভবতী হলে ভ্রূণ নষ্ট করা হয়। এরপর বিয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
পুলিশ জানায়, রোববার রাতে কিশোরী তার এক আত্মীয়কে নিয়ে সিয়ামের বাড়িতে যান। ভোরের দিকে বিয়ে নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে কিশোরী ধারালো অস্ত্র দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কীভাবে অভিযুক্তরা সেখানে পৌঁছেছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে। অভিযুক্ত কিশোরী ও তার সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।