https://www.voiceofpeople24.com/
4398
sylhet
মৌলভীবাজার
প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১০:২৯
মৌলভীবাজার জেলা পুলিশে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে চারজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালকে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক (সদর সার্কেল) হিসেবে।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীমঙ্গল থানার বর্তমান ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নাকে বদলি করে কুলাউড়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ অফিসে পুলিশ পরিদর্শক (প্রশাসন), পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার নতুন ওসি এবং পুলিশ পরিদর্শক আব্দুল মালিককে জুড়ী থানার পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।