https://www.voiceofpeople24.com/

4400

politics

বাংলাদেশের নতুন কূটনৈতিক অর্জন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১০:৫৪

আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (নিউইয়র্ক সময়) সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি এ বিজয় অর্জন করেন। এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বহুপাক্ষিক ফোরামের নেতৃত্ব দেবেন তিনি।

ভোটের ফলাফলে দেখা যায়, মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকৌরিস পেয়েছেন ৯১টি ভোট।

এই বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

চার দশক পর আবারও জাতিসংঘের সর্ববৃহৎ নীতিনির্ধারণী ফোরামের নেতৃত্বে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হওয়াকে দেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই দায়িত্ব পালনের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।