https://www.voiceofpeople24.com/

4854

politics

রাজনীতি

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে: জামায়াত আমির

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬ ১০:৫৬

‘মানুষের আয় না বাড়িয়ে মাসে মাসে ব্যয়ের চাপ বাড়ানো হচ্ছে’

মানুষের আয় না বাড়লেও একের পর এক গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সোমবার রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, মানুষের আয় বৃদ্ধি না করে তাদের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই চলতে পারে না। গ্যাসের দাম বাড়িয়ে বলা হচ্ছে, এটি শুধু আগস্ট মাসের জন্য। তাহলে সেপ্টেম্বরের জন্য আবারও দাম বাড়ানোর প্রস্তুতি নিতে হবে। এভাবে যদি প্রতি মাসে দাম বাড়ানো হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ব্যাংক ও শেয়ারবাজারের অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির।

তিনি বলেন, মানুষের আয় বাড়ছে না, অথচ গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বারবার বাড়ানো হচ্ছে। সরকারের বিভিন্ন দায়ভার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

দেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হচ্ছে না মন্তব্য করে শফিকুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাচ্ছে না। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও তিনি দাবি করেন।

গ্যাস ও তেল খাত বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, এসব খাত বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তারা সাধারণ মানুষকে আরও বড় ধরনের জিম্মি করে ফেলতে পারে। তখন জনগণের অভিযোগ বা প্রতিবাদেরও কার্যকর জায়গা থাকবে না।

শফিকুর রহমান আরও বলেন, সরকার নিজেদের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে তারা অত্যন্ত শঙ্কিত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।