https://www.voiceofpeople24.com/

4821

politics

রাজনীতি

৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে প্রমাণ বা ক্ষমা চেয়ে বিথীকাকে আইনি নোটিশ আসিফ মাহমুদের

প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬ ১৪:৪২

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাঁর বিরুদ্ধে করা ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের পক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত নেতা হিসেবে উল্লেখ করে তাঁর সততা, নৈতিকতা ও জনসেবামূলক ভাবমূর্তির কথা তুলে ধরা হয়।

নোটিশ অনুযায়ী, সম্প্রতি একটি প্রকাশ্য সম্প্রচারিত অনুষ্ঠানে বিথীকা বিনতে হোসাইন অভিযোগ করেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে তাঁর নিয়োগ সহজ করতে আসিফ মাহমুদ সংশ্লিষ্টদের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন।

আসিফ মাহমুদের পক্ষের দাবি, ওই বক্তব্য পরে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে তাঁর ব্যক্তিগত, রাজনৈতিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগ প্রকাশের পর ৪ আগস্ট আসিফ মাহমুদের প্রতিনিধিরা একাধিকবার বিথীকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে থাকা নথি, অডিও, ভিডিও বা অন্য কোনো প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানান। যদিও তিনি প্রমাণ থাকার দাবি করেছিলেন, এখন পর্যন্ত কোনো তথ্য বা দলিল সরবরাহ করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, অভিযোগের সমর্থনে প্রমাণ দিতে না পারা থেকে এটি ভিত্তিহীন, মনগড়া ও বিদ্বেষপ্রসূত বলে প্রতীয়মান হয়। এতে আসিফ মাহমুদের সম্মান, মর্যাদা ও জনমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, এ ধরনের বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে মানহানির অভিযোগ হিসেবে বিবেচিত হতে পারে এবং দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

নোটিশে বিথীকা বিনতে হোসাইনকে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় সব প্রমাণ উপস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায় অভিযোগ নিঃশর্তভাবে প্রত্যাহার করে লিখিতভাবে ক্ষমা চাইতে এবং একই মাধ্যমে সমান গুরুত্ব দিয়ে সেই ক্ষমা প্রার্থনা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত পূরণ না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এদিকে আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর এবং আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর ভাষ্য, এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কেউ কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে ব্যক্তি আসিফ মাহমুদ বা জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও চরিত্রহননের যেকোনো প্রচেষ্টার জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে।