https://www.voiceofpeople24.com/

4818

economy

অর্থনীতি

সোনার দাম: একদিনে ১০ হাজার বাড়ানোর পরদিন ৩ হাজার টাকা কমাল বাজুস

প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬ ১৩:৪০

দেশের বাজারে মাত্র একদিন আগেই সোনার দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর পর এবার তা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার বাজুস প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকায়, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৩৩ টাকায়।