https://www.voiceofpeople24.com/
4819
entertainment
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬ ১৪:২১
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে আর্ক ব্যান্ডের ভোকাল হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের সংগীতাঙ্গন। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)সহ বিভিন্ন শিল্পী ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি করেছেন।
গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উপলক্ষে ৫ আগস্ট আয়োজিত কনসার্টে সন্ধ্যার পর মঞ্চে ওঠেন হাসান। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি গান শুরু করলে দর্শকদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি পানির বোতল তাঁর মুখে এসে আঘাত করে। এতে তিনি কিছু সময়ের জন্য থেমে গেলেও পরে আবার গান চালিয়ে যান।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে একজন শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বামবা এক বিবৃতিতে বলে, আর্ক ব্যান্ডের কিংবদন্তি ভোকাল হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা শুধু তাঁর ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো ব্যান্ডসংগীত অঙ্গনের জন্য লজ্জাজনক। সংগঠনটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আয়োজকদের আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংগীতশিল্পী রবি চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এ ধরনের ঘটনা দেশের সংস্কৃতি ও সংগীতাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ভবিষ্যতের বড় আয়োজনগুলোতে নিরাপত্তা আরও জোরদার করারও আহ্বান জানান তিনি।
গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ প্রশ্ন তোলেন, কারা এবং কী উদ্দেশ্যে এমন আচরণ করেছে। তাঁর মতে, পর্যাপ্ত সিসিটিভি ও মোবাইল ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব। তিনি শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের যথাযথভাবে পালনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সংগীতশিল্পী লুৎফর হাসান এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রিয় শিল্পীকে এমন অসম্মান থেকে রক্ষা করতে না পারায় তিনি লজ্জিত। অন্যদিকে সংগীতশিল্পী সাব্বির জামান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সুরকার প্লাবন কোরেশীও ঘটনার সমালোচনা করে বলেন, এমন অসভ্য আচরণে কারও কোনো লাভ হয়নি; বরং এটি দেশের সাংস্কৃতিক পরিবেশকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি হাসানের কাছে দুঃখ প্রকাশ করেন।
ঘটনার পর সংগীতাঙ্গনের অনেকেই শিল্পীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আয়োজক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।