https://www.voiceofpeople24.com/

4791

entertainment

বিনোদন

পারিশ্রমিক ইস্যুতে ঝুলে গেল ‘বার্বি ২’-এর ভবিষ্যৎ

প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৫৮

বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘বার্বি’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ এখন অনিশ্চয়তার মুখে। মূল কারণ, অভিনয়শিল্পীদের পারিশ্রমিক ও মুনাফা ভাগাভাগি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে সমঝোতা না হওয়া।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কেন’ চরিত্রে অভিনয় করা রায়ান গসলিং ‘বার্বি ২’-এর জন্য ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দাবি করেছেন। অন্যদিকে, বার্বি চরিত্রের অভিনেত্রী মার্গো রবি আগের তুলনায় বেশি পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের একটি অংশও চান। তবে এসব শর্তে এখনো সম্মতি দেয়নি ওয়ার্নার ব্রাদার্স।

জানা গেছে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ শিল্পীদের বাড়তি পারিশ্রমিক ও মুনাফা ভাগাভাগির প্রস্তাব অনুমোদন করতে রাজি নন। ফলে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

হলিউডে সাধারণত কোনো চলচ্চিত্রের একাধিক কিস্তির পরিকল্পনা থাকলে শুরুতেই অভিনয়শিল্পীদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়। এতে প্রথম সিনেমা সফল হলেও পরবর্তী কিস্তিতে নতুন করে পারিশ্রমিক নিয়ে বড় ধরনের দর-কষাকষির প্রয়োজন পড়ে না। কিন্তু ‘বার্বি’র ক্ষেত্রে শুধু একটি সিনেমার জন্য চুক্তি হওয়ায় এখন নতুন করে আলোচনায় বসতে হচ্ছে।

এদিকে ‘বার্বি’ ব্র্যান্ডের স্বত্বাধিকারী খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তির কাজ শুরু না হলে চলচ্চিত্র নির্মাণের স্বত্ব আবার ম্যাটেলের কাছে ফিরে যাবে। এরপর প্রতিষ্ঠানটি চাইলে অন্য কোনো স্টুডিওকে সেই স্বত্ব দিতে পারবে।

ওয়ার্নার ব্রাদার্সের সহ-প্রধান প্যাম আবডি ও মাইকেল ডি লুকা স্বীকার করেছেন, ‘বার্বি ২’ নিয়ে ম্যাটেলের সঙ্গে আলোচনা চলছে এবং বেশ কয়েকটি বড় প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

এদিকে পরিচালক গ্রেটা গারউইগ ও সহ-লেখক নোয়া বাউমবাখের কাছে দ্বিতীয় কিস্তির জন্য প্রস্তুত গল্প রয়েছে। তবে অভিনয়শিল্পীদের চুক্তি ও পারিশ্রমিকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা সেই গল্প স্টুডিওর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন না।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘বার্বি’ বিশ্বজুড়ে ১৪০ কোটি ডলারের বেশি আয় করে বছরের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়। পাশাপাশি সিনেমাটি অস্কারে আটটি বিভাগে মনোনয়নও অর্জন করে।