https://www.voiceofpeople24.com/
4746
entertainment
বিনোদন
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬ ১৫:৫৮
বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। তবে সিনেমাটি নিয়ে উন্মাদনার মধ্যেই এর একটি এইচডি পাইরেটেড কপি অনলাইনে ফাঁস হয়ে যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ সিনেমাটির অবৈধ কপি প্রকাশ করা হলে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই সেটি ২১ লাখের বেশি মানুষ দেখে ফেলেন। পরে ইউনিভার্সাল পিকচার্স কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ভিডিওটি সরিয়ে ফেলে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করে।
সংবাদমাধ্যম ডেডলাইন-কে দেওয়া এক বিবৃতিতে ইউনিভার্সাল পিকচার্স জানায়, পাইরেটেড কপির বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের টেকডাউন প্রক্রিয়া শুরু করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং নিজেদের কনটেন্ট ও মেধাস্বত্ব সুরক্ষায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পাইরেসির ঘটনা ঘটলেও সিনেমাটির বক্স অফিস সাফল্যে এর কোনো প্রভাব পড়েনি। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী আয় করেছে ৬৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ২৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৩৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার।
গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি ১৭ জুলাই মুক্তি পায়। তবে এখনো চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে মুক্তি পায়নি। বিশ্লেষকদের ধারণা, এসব দেশে মুক্তির পর সিনেমাটির আয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।