https://www.voiceofpeople24.com/

4711

entertainment

বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬ ১২:২১

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন এক মাইলফলক তৈরি করল নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি (Orizzonti) প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার সুযোগ পেল।

আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। সেখানে বিশ্ব প্রিমিয়ার হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর।

সিনেমাটি নিয়ে নির্মাতা রুবাইয়াত হোসেনের যাত্রা শুরু প্রায় দুই দশক আগে। ২০০৬ সালে তিনি গল্পটি নিয়ে প্রথমে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। পরে সেই পরিকল্পনা বদলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দেন। দীর্ঘ সময় ধরে চিত্রনাট্য উন্নয়ন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ এবং বিভিন্ন তহবিল থেকে অর্থায়ন সংগ্রহের পর অবশেষে সিনেমাটি নির্মাণ সম্পন্ন হয়েছে।

ভেনিসে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুবাইয়াত হোসেন বলেন, দেশের চলচ্চিত্রকে এমন একটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারা তাঁর জন্য গর্বের এবং এটি দীর্ঘদিনের স্বপ্নপূরণের মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের আরও চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করবে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রাজকীয় আয়োজনে বিয়ে করার। কিন্তু এক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ায় তার সেই স্বপ্ন বারবার বাধাগ্রস্ত হয়। নানা ঘরোয়া চিকিৎসা ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে একসময় সে এক রহস্যময় নারীর কল্পনায় বিভোর হতে শুরু করে। সেই অভিজ্ঞতা গল্পে নতুন মাত্রা যোগ করে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী জাইনীন করিম। এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনরিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদসাবেরী আলম এবং মোহাম্মদ বারী

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের নির্মাতা লিওনর টেলস। নির্মাণের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক কলাকুশলীদের অংশগ্রহণ রয়েছে। প্রযোজনায় রুবাইয়াত হোসেনের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের একাধিক আন্তর্জাতিক প্রযোজক।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কৃতিত্ব এবারই প্রথম অর্জন করল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।