https://www.voiceofpeople24.com/

4674

entertainment

বিরতির পর ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬ ১৬:৩৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ধীরে ধীরে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’–এর ‘বেসুরা’ পর্ব দিয়ে ওটিটিতে অভিষেকের পর এবার আবারও ছোট পর্দার পরিচিত অঙ্গনে ফিরছেন তিনি। নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’–এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

একসময় একক ও ধারাবাহিক নাটকের পরিচিত মুখ ছিলেন সুমাইয়া শিমু। তাঁর অভিনীত ‘ললিতা’, ‘হাউজফুল’ এবং ‘এফএনএফ’–এর মতো ধারাবাহিক নাটক দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় দেড় বছর আগে ‘বেসুরা’ মুক্তির সময়ই তিনি জানিয়েছিলেন, গল্প ও চরিত্র পছন্দ হলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার নতুন ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে।

গত বৃহস্পতিবার নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট তাদের ফেসবুক পেজে শিমুর প্রথম লুক প্রকাশ করে। সেখানে জানা যায়, নাটকে তাঁর চরিত্রের নাম রুকাইয়া। তবে নতুন এই কাজ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী।

‘ফিরে আসার গল্প’ পরিচালনা করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে তিনি ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের পারিবারিক ধারাবাহিক নাটক নির্মাণ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। নির্মাতার ভাষ্য, নতুন ধারাবাহিকটিও পারিবারিক সম্পর্ক ও জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হবে।

রাজ জানান, বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন শিল্পীরা। শুটিং শুরু হওয়ার পর নাটকটির গল্প ও অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।

নতুন এই ধারাবাহিকে সুমাইয়া শিমুর পাশাপাশি অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফাইজুল ইয়ামিনসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, পর্যায়ক্রমে নাটকের অন্যান্য শিল্পী ও তাঁদের চরিত্রের পরিচয় প্রকাশ করা হবে।