https://www.voiceofpeople24.com/

4675

international

গাজায় জানাজার মিছিলে ড্রোন হামলা, একদিনে নিহত অন্তত ১৪ ফিলিস্তিনি

প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬ ১৭:০৮

বিশ্ব


গাজা উপত্যকায় চলমান সহিংসতার মধ্যে জানাজার মিছিলে অংশ নিতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। বিভিন্ন স্থানে পৃথক হামলায় শুক্রবার (১৮ জুলাই) অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় সবচেয়ে প্রাণঘাতী হামলাটি ঘটে। আল-আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত আটজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকায় আগের একটি হামলায় নিহত এক ব্যক্তির জানাজায় অংশ নিতে আহমাদ ইয়াসিন মসজিদের সামনে মানুষ জড়ো হলে তাদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানান, যুদ্ধবিরতির কোনো বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাঁর ভাষ্য, মসজিদ থেকে জানাজার মিছিল বের হওয়ার মুহূর্তেই ড্রোন হামলা চালানো হয়।

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার বাইত লাহিয়ায় আবু তাম্মাম স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন থেকে বোমা নিক্ষেপে ৫২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

একই দিনে মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় ফিলিস্তিনিদের একটি জমায়েতে হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গাজা সিটির একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি গুলিতে আহত এক নারীও পরে মারা যান।

স্থানীয় সূত্রগুলোর দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও গাজাজুড়ে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যকার আকাশজুড়ে ড্রোনের উপস্থিতি এবং অবকাঠামোতে ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজায় হামলা চালানোর বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, একটি "সন্ত্রাসী গোষ্ঠীকে" লক্ষ্য করেই ওই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে বেসামরিক হতাহতের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

অন্যদিকে হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের উপস্থিতিতেই ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৭৪ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই সময় গড়ে প্রতিদিন একজন করে শিশুর মৃত্যু হয়েছে।