https://www.voiceofpeople24.com/

4560

sports

দুই ম্যাচে ব্রাজিলের ৪ গোল, মেসির একারই ৫!

প্রকাশিত : ২৩ জুন ২০২৬ ১৩:৪১

বিশ্বকাপের মঞ্চে যেন নিজের সেরাটাই উজাড় করে দিচ্ছেন লিওনেল মেসি। মাত্র দুই ম্যাচেই তার গোলসংখ্যা পৌঁছে গেছে ৫–এ, যেখানে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মোট গোল মাত্র ৪টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, এবারের আসরে কতটা দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেছিলেন মেসি। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন তিনি এবং দলের নকআউট পর্ব নিশ্চিত করেন।

এই ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ করেন মেসি। প্রথম গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের কাতারে নাম লেখান। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল করে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করেন।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি, যা ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। সেই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি। ফলে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোলের মালিক মেসিই।

পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৪০টি দলই এখনো ৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি। অর্থাৎ একাই এমন গোলসংখ্যা অর্জন করেছেন মেসি, যা অনেক দলের সম্মিলিত গোলের চেয়েও বেশি।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও গোলসংখ্যার বিচারে পিছিয়ে রয়েছে। দুই ম্যাচে তাদের মোট গোল ৪টি, যেখানে মেসির একার গোল ৫টি। একই চিত্র স্পেনের ক্ষেত্রেও। টুর্নামেন্টে স্পেনের মোট গোল ৪, যা এক ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এসেছিল।

মেসির দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শেষ ৩২-এর লড়াইয়ে তারা গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব।