https://www.voiceofpeople24.com/

4557

economy

সতর্ক হোন: এই অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাংকের টাকা

প্রকাশিত : ২৩ জুন ২০২৬ ১৩:১০

স্মার্টফোনে নতুন অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অনেকেই গুগল প্লে স্টোরের পরিবর্তে বিভিন্ন ওয়েবসাইটের ওপর নির্ভর করেন। আর এই অভ্যাসকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে ছড়িয়ে দেওয়া হচ্ছে ‘রকারোলা’ (RockRola) নামের একটি বিপজ্জনক ব্যাংকিং ট্রোজান ম্যালওয়্যার।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যালওয়্যারটি ফোনে প্রবেশের পর ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সিও চুরির সক্ষমতা রয়েছে এর।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্যমতে, হ্যাকাররা প্রথমে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটক ডাউনলোডে প্রলুব্ধ করে। ডাউনলোডের সময় গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে একটি ভুয়া সতর্কবার্তা দেখানো হয়। অনেকেই এটিকে আসল নিরাপত্তা বার্তা মনে করে অনুমতি দিয়ে দেন। আর তখনই ফোনে প্রবেশ করে ম্যালওয়্যারটি।

ফোনে ইনস্টল হওয়ার পর রকারোলা ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ড প্রবেশ করালে সেগুলো সরাসরি চলে যায় হ্যাকারদের হাতে।

শুধু তাই নয়, ম্যালওয়্যারটি ফোনের লকস্ক্রিন তথ্য, কনট্যাক্ট তালিকা এবং টাইপ করা বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারে। এমনকি ব্যাংকের সতর্কবার্তা বা সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কলও বাধাগ্রস্ত করতে সক্ষম। ফলে ব্যবহারকারী টের পাওয়ার আগেই ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।

নিরাপদ থাকবেন যেভাবে

✅ শুধুমাত্র গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।
✅ অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না।
✅ ফোনে গুগল প্লে প্রোটেক্ট চালু আছে কি না নিশ্চিত করুন।
✅ অচেনা পপ-আপ বা নিরাপত্তা সতর্কবার্তা দেখলে যাচাই ছাড়া অনুমতি দেবেন না।
✅ প্রয়োজন হলে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন।
✅ ব্যাংকিং অ্যাপে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে ব্যবহারকারীদের টার্গেট করছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল সম্পদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।