https://www.voiceofpeople24.com/
4848
economy
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬ ১০:৫১
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনার পর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেজল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক ও সহপ্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর বড় অঙ্কের মূলধন ঘাটতি, বিপুল পরিমাণ শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা এবং আয়ক্ষমতার অবনতিসহ বিভিন্ন কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা কমে যাওয়াকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রেজল্যুশন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশাসক ও সহপ্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, সার্বিক ব্যবস্থাপনা এবং পুনর্বাসন প্রক্রিয়া সরাসরি তদারক ও নিয়ন্ত্রণ করবেন।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এই পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহি পুনঃপ্রতিষ্ঠা, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে কার্যকর অগ্রগতি হবে।
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশনের আওতায় আনার এ সিদ্ধান্ত আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার চলমান সংস্কার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।