https://www.voiceofpeople24.com/

4659

sylhet

মৌলভীবাজার

বন্যায় মৌলভীবাজারের চার উপজেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬ ১৯:৪৫

মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় জেলার চার উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট মেরামতে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এলজিইডি সূত্র জানায়, মনু ও ধলাই নদীর ভাঙন এবং বন্যার পানিতে কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও পানির তীব্র স্রোতে সড়কের অংশ ভেঙে বিলীন হয়ে গেছে। ফলে অনেক সড়ক এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

যদিও বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখনও দুর্ভোগে রয়েছেন। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় দৈনন্দিন চলাচল ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।

এলজিইডি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৯৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি কয়েকটি সেতু ও কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনেক স্থানে এখনও পানি থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করতে আরও এক-দুই দিন সময় লাগবে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, বন্যায় ঘরবাড়ির পাশাপাশি গ্রামের যোগাযোগ ব্যবস্থাও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত রাস্তা মেরামত না হলে দুর্ভোগ আরও বাড়বে।

কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ বলেন, ধলাই নদীর ভাঙনে আদমপুর–ইসলামপুর সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে ওই সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ জানান, প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত ব্যয় প্রায় ২৮ কোটি টাকা হতে পারে। তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।