https://www.voiceofpeople24.com/

4859

entertainment

গাড়ি দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬ ১১:১০

গাড়ি দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে চেন্নাইয়ের গুইন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমিনসহ তিনজন আহত হন। পরে চিকিৎসা শেষে সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে অলিম্পিয়া টেক পার্কের সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে পোর্শে গাড়িতে করে কোয়েম্বেডু থেকে গুইন্ডির দিকে যাচ্ছিলেন আমিন। পথে একটি ওয়াগনআর ক্যাবের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে দুই গাড়িই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে দ্রুত স্থানীয় কাওভেরি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেন।

অন্যদিকে, ক্যাবটিতে থাকা এক যাত্রীকে কালাইনার সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইংয়ের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে সুনির্দিষ্ট কারণ কী ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।