https://www.voiceofpeople24.com/

4837

sports

মেসির ক্যারিয়ারে বাবার ভূমিকা

প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬ ১০:৫১

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের নেপথ্যে তাঁর বাবা হোর্হে মেসির অবদান অনেক। বাবা হিসেবে সব সময় পাশে থাকার পাশাপাশি দীর্ঘদিন মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত ও আলোচনায় যুক্ত ছিলেন হোর্হে। তাই বাবার সঙ্গে মেসির সম্পর্কও ছিল বেশ ঘনিষ্ঠ।

বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে বাবাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। মেসির ভাষ্য অনুযায়ী, ফুটবল ও ব্যক্তিজীবনের নানা বিষয় বাবার সঙ্গে নিয়মিত ভাগ করে নিতেন তিনি।

মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যাচ শেষ হওয়ার পর বাবার সঙ্গে কথা বলা বা মেসেজ করা ছিল তাঁর অভ্যাস। ভালো খেলেছেন কি না, সেটিও বাবার কাছে জানতে চাইতেন। তাঁর ভাষায়, ছোটবেলা থেকেই তিনি নিজের সবচেয়ে বড় সমালোচক। তবে বাবার মতামত তাঁর কাছে সব সময় গুরুত্বপূর্ণ ছিল।

বাবার সমালোচনাকেই ক্যারিয়ারে উন্নতির অন্যতম অনুপ্রেরণা হিসেবে দেখেছেন মেসি। তিনি জানান, হোর্হে প্রায়ই তাঁর খেলার খুঁত ধরিয়ে দিতেন। কোনো ম্যাচে ভালো খেললেও একটি গোল মিস করলে সেটিও মনে করিয়ে দিতেন। বিষয়টি মেসি নেতিবাচকভাবে নিতেন না; বরং আরও ভালো করার তাগিদ হিসেবে দেখতেন।

মেসি বলেছিলেন, ‘বাবা আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি আমার খুব সমালোচনা করতেন, আর সেটাই আমাকে সব সময় আরও ভালো করার চেষ্টা করতে বাধ্য করেছে।’

তবে মেসির মা ছিলেন সম্পূর্ণ বিপরীত। তাঁর ভাষায়, তিনি খারাপ খেললেও মা মনে করতেন ছেলে ভালো খেলেছে। মেসি মজা করে বলেছিলেন, মায়ের কাছে কখনোই তাঁর কোনো দোষ ছিল না।

বাবার সঙ্গে নিজের স্বভাবেরও বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন মেসি। তবে ছোটবেলায় বাবাকে খুব বেশি সময় কাছে পাননি তিনি। হোর্হে ভোরে কাজে বেরিয়ে যেতেন এবং রাতের খাবারের সময় বাড়ি ফিরতেন। মেসির ভাষায়, বাবার সঙ্গে কাটানো সময়গুলো তিনি উপভোগ করতেন এবং তাঁকে মিস করতেন।

নিজের সন্তানদের বড় করার ক্ষেত্রে বাবা-মায়ের কাছ থেকেই শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন মেসি। তাঁর মতে, এখন তিনি নিজের সন্তানদের সঙ্গে বাবার তুলনায় অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

ফুটবল নিয়েও বাবা-ছেলের মধ্যে নিয়মিত আলোচনা হতো। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচ নিয়ে তাঁরা কথা বলতেন। মেসির মতে, অনেক বিষয়েই তাঁদের চিন্তাভাবনা একই রকম ছিল।

তবে বাবার সমালোচনা যেমন মেসিকে আরও ভালো খেলোয়াড় হতে অনুপ্রাণিত করেছে, তেমনি হোর্হেকে ঘিরে নানা অভিযোগে ক্ষুব্ধও হয়েছেন তিনি। বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন কিংবা সিদ্ধান্ত গ্রহণে বাবার প্রভাব রয়েছে—এমন অভিযোগ বরাবরই নাকচ করেছেন মেসি।

মেসি একবার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তাঁর বাবাকে অন্য খেলোয়াড়দের বাবার তুলনায় অনেক বেশি আলোচনায় আনা হয়। এমনকি জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনেও তাঁর বাবার ভূমিকা রয়েছে—এমন অভিযোগও করা হয়েছে।

মেসির মতে, তাঁর নিজের বিরুদ্ধে সমালোচনা হলে সেটি সামলানো সম্ভব হলেও পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের অভিযোগ ও আলোচনা তাঁকে বেশি কষ্ট দেয়। কারণ এসবের প্রভাব শেষ পর্যন্ত পরিবারের ওপরও পড়ে।

মেসির ক্যারিয়ারে তাই হোর্হে মেসির ভূমিকা শুধু একজন বাবার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন ছেলের পরামর্শদাতা, এজেন্ট এবং একই সঙ্গে সবচেয়ে কঠোর সমালোচকদের একজন—যাঁর মতামত মেসিকে বারবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে।