https://www.voiceofpeople24.com/

4835

whole-country

মৌলভীবাজার

এম নাসের রহমানকে নিয়ে এআই ভিডিও: আরও এক যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬ ১০:৪৪

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে ঢাকার সাভার থানার রাজাশন এলাকা থেকে পারভেজ আলম খান (৩২) নামে ওই যুবককে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের মাইজগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এম নাসের রহমানকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে করা সাইবার মামলায় তিনি ২ নম্বর আসামি।

পুলিশের ভাষ্য, পারভেজ বেশ কিছুদিন ধরে সাভারের রাজাশন এলাকায় বসবাস করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করার পর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তার পারভেজ আলম খানকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার (২ আগস্ট) অ্যাডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলা হওয়ার পরদিন সোমবার (৩ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থেকে সৈয়দ তানভীর আহমেদ নামে মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।