https://www.voiceofpeople24.com/
4787
whole-country
ঢাকা
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬ ১১:১৪
রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপরজন অজ্ঞাতপরিচয় এক নারী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় প্রায় ২৫ বছর বয়সী এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউলুপের সামনে মোটরসাইকেল চালক হাসান (৩০) সড়কে আহত অবস্থায় পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. মুন্না জানান, তাঁদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে। বর্তমানে পরিবারসহ বাড্ডায় বসবাস করতেন হাসান। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন বলে পরিবারের ধারণা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুই মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনাগুলো তদন্ত করছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।