https://www.voiceofpeople24.com/

4789

international

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প, প্রাণহানি ৬ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৩২

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। সোমবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ। তিনি জানান, ভূমিকম্পে আহত প্রায় ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার যখন ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ধীরগতির অভিযোগে সমালোচনার মুখে, তখনই সর্বশেষ হতাহতের এই তথ্য প্রকাশ করা হয়।

ভূমিকম্পের পর নিখোঁজ স্বজনদের খোঁজে দিশেহারা মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরকারের পাশাপাশি সামরিক বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

হোর্হে রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

বিশ্বব্যাংকের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পে ভৌত অবকাঠামোর ক্ষতির পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের উৎস এখনো নিশ্চিত হয়নি।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামরিক অভিযানে অপহৃত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। মাদুরো সরকারের সময় আরোপিত বেশ কয়েকটি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখনো কার্যকর রয়েছে। মানবাধিকারকর্মীদের দাবি, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত অর্থনৈতিক সহায়তা পৌঁছাতে এসব নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাস ও উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।