https://www.voiceofpeople24.com/
4767
international
প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬ ১৩:১৯
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও হামলার বিষয়টি উঠে এসেছে।
রোববারের হামলায় নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্যমতে, দেইর আল-বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় তারা প্রাণ হারান। এছাড়া পৃথক হামলায় খান ইউনিসে তিনজন এবং গাজা সিটির পুরোনো এলাকায় আরও একজন নিহত হন। অন্যান্য স্থানে চালানো হামলাতেও হতাহতের ঘটনা ঘটেছে।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে ১৫ দফার একটি রোডম্যাপ প্রকাশ করেছে। তবে কূটনৈতিক উদ্যোগ সামনে এলেও গাজায় সামরিক অভিযান থামেনি; বরং ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
রোডম্যাপটি এখনো কার্যকর না হওয়ায় দুই পক্ষের অবস্থানেও অচলাবস্থা বজায় আছে। হামাস জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে আগের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ বা সংরক্ষণে দিতে রাজি নয়।
অন্যদিকে, রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাসের ‘পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ’ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েল বর্তমান অবস্থান থেকে সেনা সরাবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই উদ্যোগের বিরোধিতা করেছেন। তাঁর ভাষ্য, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখা উচিত।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, ওয়াশিংটনের সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য সমঝোতার সফলতা নির্ভর করছে ইসরায়েল প্রতিদিনের হামলা বন্ধ করে কি না, তার ওপর।