https://www.voiceofpeople24.com/

4771

exclusive

চিকিৎসক পিনু হত্যা : জুতার ছাপে মিল পাওয়ায় স্বামী গ্রেপ্তার

প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬ ১৪:৪৩

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে তার জুতার মিল পাওয়ার পর তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

শনিবার সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে চিকিৎসক সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তাকে হত্যা করেছে।

তবে তদন্তের অগ্রগতিতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা জুতার ছাপের সঙ্গে সোহেল রানার জুতার মিল পাওয়া যায়। এই আলামতের ভিত্তিতেই তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।