https://www.voiceofpeople24.com/
4959
whole-country
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬ ২১:৫৭
আরামিট সিমেন্টের নামে ভুয়া চালান ও সাজানো ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রূকমীলা জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম কার্যালয়ে মামলা তিনটি করা হয়। পৃথক মামলাগুলোতে ৫৭ কোটি ৬০ লাখ, ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার এবং ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, ২৭টি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে মোট ১৪১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন উপায়ে ওই অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।
দুদকের নথিতে বলা হয়েছে, আত্মসাতের অর্থের একটি অংশ সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও পাঠানো হয়েছে।
তিন মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ, উপপরিচালক মো. মশিউর রহমান এবং সহকারী পরিচালক শোয়াইব ইবনে আলম। এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া কাগজপত্র ও সাজানো লেনদেনের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।