https://www.voiceofpeople24.com/
4970
economy
অর্থনীতি
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬ ১১:৪১
সহজ শর্তে দ্রুত ঋণ পাওয়ার প্রলোভন দেখিয়ে পরিচালিত বিভিন্ন অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল ঋণসেবা সম্পর্কে সাধারণ জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এসব অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ গ্রহণ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সতর্কবার্তায় বিএফআইইউ জানায়, সম্প্রতি বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপের মাধ্যমে দ্রুত ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, যোগাযোগ তালিকা, ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে।
সংস্থাটির মতে, পরবর্তীতে ঋণ আদায়ের নামে গ্রাহকদের ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত অর্থ দাবি, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং মানসিক চাপ সৃষ্টির মতো অভিযোগ পাওয়া গেছে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।
বিএফআইইউ স্মরণ করিয়ে দিয়েছে যে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এসব অননুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা, আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিংয়ের ঝুঁকি রয়েছে। তাই ঋণের প্রলোভনে পড়ে অপরিচিত কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, ব্যক্তিগত ছবি, মোবাইলের কনট্যাক্ট লিস্ট কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণ দেওয়ার আগে অগ্রিম অর্থ, নিবন্ধন ফি বা প্রসেসিং চার্জ দাবি করা হলে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিএফআইইউর পর্যবেক্ষণে আসা ৩১টি অবৈধ বা অননুমোদিত ঋণদাতা অ্যাপের মধ্যে রয়েছে— সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট এবং টাকানাও।
সংস্থাটি জানিয়েছে, এসব অননুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কার্যক্রম সম্পর্কে তথ্য জানা থাকলে বিএফআইইউর কাছে অভিযোগ করা যাবে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে বিএফআইইউ সবাইকে এমন অবৈধ ঋণ কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।