https://www.voiceofpeople24.com/

4943

sylhet

সিলেট

সিলেট সিটি করপোরেশনের কোনো এলাকাই অনুন্নত থাকবে না: সিসিক প্রশাসক

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬ ১৩:৪১

সিলেট সিটি করপোরেশনের কোনো এলাকাই উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে না বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নগরীর বর্ধিত এলাকার অনেক অংশ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। তবে পর্যায়ক্রমে এসব এলাকার সড়ক, ড্রেনসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

সোমবার নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ হলেও সে অনুপাতে আয় বাড়েনি। সীমাবদ্ধতার মধ্যেও নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। নগরবাসীর দুর্ভোগ কমাতে দিন-রাত কাজ করা হচ্ছে।

তিনি বলেন, সিলেটকে বন্যা ও জলাবদ্ধতামুক্ত করার পাশাপাশি একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজ বাস্তবায়নে বিশ্বাসী। কাউকে মিথ্যা আশ্বাস দিতে চাই না। নগরীর যেসব এলাকায় উন্নয়ন প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

তিনি জানান, ২৮ নম্বর ওয়ার্ডের সুনামপুর এলাকায় ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজ চলছে। একই এলাকায় ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য সড়ক ও ড্রেনের উন্নয়নও করা হবে।

প্রশাসক আরও বলেন, নগরীর পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের প্রতিটি এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

সোমবার সকালে ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক। পরে জামেয়া তাহফিজুল কোরআন বরইকান্দি সুনামপুর মাদ্রাসায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সেখানে স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুপুরে তিনি ৪০ নম্বর ওয়ার্ডের কুচাই মাঝপাড়া এলাকা পরিদর্শন করেন। পরে কুচাই পূর্বপাড়ায় আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক বাবর আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি আব্দুল হাছিবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বাসিন্দা ও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।