https://www.voiceofpeople24.com/

4580

sylhet

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস

প্রকাশিত : ২৭ জুন ২০২৬ ১৩:১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৬ জুন) বিকেলে তারা নিহতের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং পরে সীমান্তবর্তী চাতলা বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে নিহতদের পরিচয় একটাই—তারা বাংলাদেশের নাগরিক। সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকায় শুধু কাঁটাতারের বেড়া নয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে আধুনিক সরঞ্জাম, অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে। পাশাপাশি এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

পথসভায় সারজিস আলম বলেন, সীমান্তে হত্যা ও অনিয়ম বন্ধে ভবিষ্যতে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি সীমান্তবাসীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

উল্লেখ্য, গত ১২ জুন কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলিতে মুজিব আলী নিহত হন। বিজিবির তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।