https://www.voiceofpeople24.com/
4578
sports
প্রকাশিত : ২৬ জুন ২০২৬ ১৭:৫৯
বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। এমন কঠিন সমীকরণের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাত্র দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ইকুয়েডর। তবে সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ গোলের ঐতিহাসিক জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ২০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।
শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউজার্সির স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারায় ইকুয়েডর। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর ৭৭ মিনিটে জয়সূচক গোল করে ইতিহাস গড়ে লা ত্রি। এর আগে কেবল ২০০৬ সালেই বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পেরেছিল দলটি।
এই অবিশ্বাস্য জয়ের অন্যতম নায়ক কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। শেষ বাঁশি বাজার পর আবেগ সামলাতে না পেরে ডাগআউট ছেড়ে গ্যালারিতে থাকা পরিবারের কাছে ছুটে যান তিনি। ম্যাচটির গুরুত্ব ছিল তার জন্যও বিশেষ। কারণ, ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন—নকআউটে উঠতে না পারলে কোচের দায়িত্ব ছেড়ে দেবেন।
জয়ের পর বেকাসেসে বলেন, “এই অর্জনের অর্থ আমার জন্য নয়, এটি ইকুয়েডরের মানুষের জন্য। খেলোয়াড়রাই তাদের নকআউটের টিকিট এনে দিয়েছে। এখন এই সাফল্য উদযাপন করার অধিকার তাদেরই।”
খেলোয়াড় হিসেবে খুব বেশি পরিচিত না হলেও কোচিং ক্যারিয়ারে নিজের পরিচিতি গড়েছেন বেকাসেসে। দীর্ঘদিন হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। চিলির ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা এবং ২০১৫ সালে প্রথম কোপা আমেরিকা জয়ের পেছনেও ছিল তার অবদান। পরে স্প্যানিশ ক্লাব এলচে এবং ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে হারলেও এরপর বদলে যায় দলের চিত্র। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। মূল পর্বেও টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে আসে দলটি।
যদিও বিশ্বকাপের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হার এবং দ্বিতীয় ম্যাচে কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বিদায়ের শঙ্কায় পড়ে ইকুয়েডর। কিন্তু শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে সব হিসাব বদলে দেয় তারা। ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।