https://www.voiceofpeople24.com/

4766

politics

রাজনীতি

'যে পরিবর্তনের আশা ছিল, তা দেখছি না'—নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬ ১৩:০৫

বিরোধী মত দমনে পুরোনো কৌশল ফিরে আসার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বিরোধী মত দমন-পীড়নের পুরোনো ধারা লক্ষ করা যাচ্ছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সম্প্রীতির জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তিনি জানান, সরকার এসব বিষয়ে আন্তরিক পদক্ষেপ নিলে এনসিপি প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। তাই রাষ্ট্র পরিচালনায় কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং সব নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি দেশের কোটি মানুষের প্রত্যাশা।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মতো জুলাই গণ-অভ্যুত্থানেও বৌদ্ধ সম্প্রদায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল ও জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস। এছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, উদ্যোক্তা ফাহিম মাসরুর, সারোয়ার তুষারসহ অন্যরা।