https://www.voiceofpeople24.com/

4763

politics

রাজনীতি

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬ ১৩:৩৮

জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি মনে করে কোনো বাধা ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তাহলে সেই ধারণা ভুল প্রমাণিত হবে।

শুক্রবার রাতে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এনসিপি-সমর্থিত ছাত্রসংগঠনের নেতা আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন আলিফ।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঘটনার তিন দিন পার হলেও সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তাঁর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদদে হামলার ঘটনা ঘটেছে এবং ভিডিও ফুটেজেও তা স্পষ্ট। তিনি বলেন, হামলার ঘটনায় ছাত্রদলের এক নেতার নাম মামলায় এলেও তাঁর বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, এতে জনগণের কাছে এমন বার্তা গেছে যে সরকার-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে হামলা চালিয়েও পার পেয়ে যাচ্ছে। একই সঙ্গে হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একদিকে মানবিকতার বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বিরোধী মতের মানুষকে দমন করা হচ্ছে। তাঁর ভাষায়, এটি জনগণের সঙ্গে দ্বিচারিতা।

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এতে স্পষ্ট হয়, সরকার বিরোধী রাজনৈতিক মত প্রকাশের সুযোগ সংকুচিত করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তিনি সরকার পরিচালনায় যেমন ব্যর্থ, তেমনি নিজের দল পরিচালনাতেও সফল নন।

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য আরও বাড়বে, শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে। ব্যবসায়ীরা একদিকে বিদ্যুৎ সংকটে ভুগছেন, অন্যদিকে প্রশাসনিক হয়রানিরও শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে এনসিপি পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেবে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীজুড়ে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক মাসে সরকারের দমনমূলক চরিত্র জনগণের সামনে স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, যে সরকার বিরোধী দলের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করতে পারে না এবং নিজের দলকেও নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ, তাদের পক্ষে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।