https://www.voiceofpeople24.com/
4756
national
জাতীয়
প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬ ১১:৫২
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে এটি তাঁর প্রথম সফর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সার্জিও গর বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে তারা একমত হয়েছেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতোমধ্যে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশকে ভ্রমণের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করছে।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) সার্জিও গরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। এ সময় তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা, চিকিৎসাসেবা ও খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।